বান্দরবানের লামায় একের পর এক রাবার শ্রমিক অপহরনের ঘটনায় ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন শিমন ত্রিপুরা প্রকাশ নয়ন জ্যাকসন ত্রিপুরা জয়ন্ত ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা। তাদের ২ জনের বাড়ী রোয়াংছড়ি উপজেলার শিমন পাড়া ১ জনের থানচি উপজেলার হালিরাম পাড়া ও অন্যজনের বাড়ী লামা উপজেলার গতিরাম পাড়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় লামায় অপহরনের ঘটনার পর অপহৃতদের উদ্ধার ও আসামীদের ধরতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বান্দরবানের লামা ও সদরের বিভিন্ন স্থান থেকে অপহরনের সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মুক্তি পনের টাকা গ্রহনের নগদ মোবাইল ব্যাংকিকের সিম ৭ টি মোবাইল ফোন ২ টি মোটরসাইকেল ১ টি টর্চ লাইট ও ১ টি চার্জার লাইট জব্দ করা হয়। পুলিশ আরো জানায় গ্রেফতার কৃত আসামীদের কয়েকজন পূর্বে রাবার বাগানে শ্রমিক হিসেবে কাজ করত। সে সুবাদে ঘটনাস্থল রাবার বাগান এলাকা তাদের পরিচিত। গ্রেফতারকৃত আসামী ও তাদের সহযোগী অন্যান্য পলাতক আসামীরা অপহরন ও মুক্তিপনের টাকা আদায়ের সাথে জড়িত।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান এবং বাকী আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গেল এক মাসে লামা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪০ জনের বেশী রাবার শ্রমিককে অপহরন করে সন্ত্রাসীরা। সর্বশেষ ১৬ ফেব্রুয়ারী ফাঁসিয়া খালি ইউনিয়নের মুরুং ঝিরি এলাকা থেকে ৫ টি রাবার বাগানের ২৬ জন শ্রমিককে অপহরন করা হয়। পরে ১০ লাখ টাকা মুক্তি পন নিয়ে তাদেরকে ছেড়ে দেন সন্ত্রাসীরা।
চেতনায়২৪ ডেস্ক : 





































