বিসিবির ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। এই সভায় নারী ক্রিকেটারদের বেতনবৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে ম্যাচ ও সিরিজ জয়ের জন্য ক্রিকেটাররা বোনাসও পাবেন।
গতকালের সভায় ২০২৪-২৫ মৌসুমের জন্য জাতীয় দলের নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির অনুমোদন দিয়েছে বিসিবি। বিসিবির সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছে। সেই সঙ্গে জাতীয় চুক্তিতে নেয়া হয়েছে ৩০ জন ক্রিকেটারকে।
এদিকে নতুন চুক্তি অনুযায়ী বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের। নিগার সুলতানা জ্যোতিরা এখন বেতন পাবেন চার গ্রেডে। ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ২০ হাজার টাকা করে বাড়ছে। এছাড়া ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন বাড়বে ১০ হাজার টাকা।
‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্যে আছেন নিগার সুলতানা, ফারজানা হক, ঋতু মনি ও নাহিদা আক্তার। তারা মাসে বেতন পাবেন ১ লাখ ২০ হাজার টাকা করে। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের মাসিক বেতন হবে ১ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া
‘সি’ ক্যাটাগরিতে থাকা সুবহানা মোস্তারী, লতা মন্ডল, জাহানারা আলম, শোমা আক্তাররা বেতন পাবেন ৭০ হাজার টাকা এবং ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটারদের মাসিক বেতন দাঁড়াবে ৬০ হাজার টাকা। এই ক্যাটাগরিতে আছেন দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার, সাথী রানীরা।
এছাড়া ৩০ জন খেলোয়াড়কে জাতীয় চুক্তিতে নেওয়া হয়েছে, মূলত জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররা রয়েছেন এই চুক্তিতে। এছাড়া ওয়ানডেতে আইসিসি র্যাঙ্কিংয়ের ১ থেকে ৩ এর মধ্যে থাকা দলের বিপক্ষে জ্যোতিদের প্রতিটি জয়ের জন্য বোনাস ১ লাখ টাকা। র্যাঙ্কিংয়ের ৪ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে জিতলে বোনাস পাবেন ৭৫ হাজার এবং ৭ থেকে ৯ নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য ৫০ হাজার টাকা বোনাস দেয়া হবে।
আর টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের প্রথম তিন দলের বিপক্ষে জিতলে বোনাস দেয়া হবে ৫০ হাজার টাকা, র্যাঙ্কিংয়ে ৪-৬ এর মধ্যে থাকা দলের বিপক্ষে জিতলে ৩৫ হাজার টাকা এবং ৭-৯ এর মধ্যে থাকা দলের বিপক্ষে জিতলে ৩০ হাজার টাকা বোনাস দেয়া হবে।
চেতনায়২৪ ডেস্ক : 






































