৯২ বিএএফএ ব্যাচে পুরুষ ও মহিলা ক্যাডেট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। অনলাইনে আবেদনপ্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। বাছাই পরীক্ষা শুরু হবে ৪ ডিসেম্বর ২০২৪ থেকে। প্রার্থী নির্বাচন, পরীক্ষাপদ্ধতি, প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও দরকারি তথ্য নিয়ে লিখেছেন সাজিদ মাহমুদ।
জনবল নেওয়া হবে চারটি শাখায়—জিডি (পি); লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি ও মিটিওরলজি; অ্যাডমিন এবং ফিন্যান্স। প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাছাই পরীক্ষা ৪ ডিসেম্বর ২০২৪ থেকে ভিন্ন ভিন্ন তারিখে অনুষ্ঠিত হবে, চলবে ৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পাওয়া যাবে বিমানবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে।
প্রার্থী নির্বাচন ও পরীক্ষা পদ্ধতি : সব বিভাগ ও জেলার প্রার্থীদের বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে (পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা) পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার নির্ধারিত দিন সব মূল সনদ নিয়ে সকাল ৮টার (রমজান মাসে সকাল ৯টায়) মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ছয়টি ধাপে প্রতিযোগিতামূলক পরীক্ষা ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন ও নিয়োগ দেওয়া হবে। প্রথমেই নেওয়া হবে প্রাথমিক লিখিত পরীক্ষা। এই পর্বের পরীক্ষায় জিডি (পি) এবং লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি ও মিটিওরলজি শাখার প্রশ্ন হবে আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ের ওপর।
অ্যাডমিন শাখায় আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান এবং ফিন্যান্স শাখায় আইকিউ, ইংরেজি ও ব্যবসায় শিক্ষা বিষয়ে প্রশ্ন থাকবে। এর পরের ধাপে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক, আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি), কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদের (সিএমবি) চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদের (সিএসএসবি) পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
পরীক্ষার দিন সঙ্গে রাখবেন : পরীক্ষার দিন প্রবেশপত্রসহ প্রার্থীর সঙ্গে রাখতে হবে সব পরীক্ষার মূল বা সাময়িক সনদ, প্রশংসাপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, চেয়ারম্যান বা কাউন্সিলরের দেওয়া নাগরিকত্ব সনদ ও চারিত্রিক সনদ, সম্প্রতি তোলা ১২ কপি পাসপোর্ট ও চার কপি স্ট্যাম্প সাইজের (ল্যাব প্রিন্ট) সত্যায়িত রঙিন ছবি, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়া চারিত্রিক সনদ, জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, বিশেষ সনদ (যদি থাকে)।
প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা : বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ১০ সপ্তাহসহ বিমানবাহিনীতে তিন বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে অফিসার ক্যাডেটরা ‘ফ্লায়িং অফিসার’ পদবিতে নিয়মিত কমিশন পাবেন।
কমিশন পাওয়ার পরবর্তী এক বছরসহ মোট চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধীনে বিএসসি (সম্মান) অ্যারোনটিকস/বিবিএ ডিগ্রি নেওয়ারও সুযোগ থাকছে। প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটরা মাসে ১০ হাজার ৫০০ টাকা সম্মানী পাবেন। প্রশিক্ষণ শেষে অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা দেওয়া হবে। এ ছাড়া রয়েছে বিদেশে প্রশিক্ষণ, উচ্চশিক্ষা সুবিধা, জাতিসংঘ মিশন ও বাংলাদেশ দূতাবাসে কাজের সুযোগ, বাসস্থান ও রেশন, সন্তানদের অধ্যয়ন, যাতায়াত সুবিধা, শাখা পরিবর্তনের সুযোগ, চিকিৎসা, গাড়িঋণ ও ডিওএসএইচে প্লটসহ অন্যান্য সরকারি সুবিধা পাবেন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা।
শাখাভিত্তিক শিক্ষাগত যোগ্যতা :
► জিডি (পি) শাখা : এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষার বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম ‘এ’ গ্রেড।
► লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি ও মিটিওরলজি শাখার প্রার্থীর এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষার বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে লেটার গ্রেড ন্যূনতম ‘এ’। লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি ও মিটিওরলজি শাখার প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারিত হবে।
► অ্যাডমিন শাখার প্রার্থীর এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষার জিপিএ ৪.৫০ থাকতে হবে।
► ফিন্যান্স শাখার প্রার্থীর এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪.৫০ থাকতে হবে।
শারীরিক যোগ্যতা : ২৩ জুন ২০২৫ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৬ বছর ছয় মাস থেকে ২২ বছর। পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে ৬৪ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি, প্রসারণে ৩৪ ইঞ্চি। মহিলা প্রার্থীদের উচ্চতা—জিডি (পি) শাখায় ৬৪ ইঞ্চি, অন্যান্য শাখায় ৬২ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, প্রসারণে ৩০ ইঞ্চি। ওজন—বয়স ও উচ্চতা অনুসারে। দুই চোখের দৃষ্টিশক্তি—জিডি (পি) শাখায় ৬/৬, এটিসি/এডিডব্লিউসি শাখায় ৬/১২ এবং লজিস্টিক, অ্যাডমিন, ফিন্যান্স ও মিটিওরলজি শাখায় ৬/৬০ পর্যন্ত। অবিবাহিত বা অবিবাহিতা এবং বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক।
আবেদন যেভাবে : আবেদন করতে হবে joinairforce.baf.mil.bd ওয়েবসাইট থেকে। এক হাজার টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার সূচি, আবেদনপ্রক্রিয়া ও দরকারি তথ্য পাওয়া যাবে বিমানবাহিনীর ওয়েবসাইটে।
চেতনায়২৪ ডেস্ক : 





































