দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক এবার পরিণতি পেতে চলেছে ভারতীয় ক্রিকেটার রিংকু সিংহ ও সমাজবাদী পার্টির নেত্রী প্রিয়া সরোজের। গত বছরের ৮ জুন তাদের বাগদান সম্পন্ন হয়েছিল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের একটি হোটেলে বসবে তাদের বিয়ের আসর।
ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়দের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশেষ আমন্ত্রিত অতিথিরাও। রিংকু ও প্রিয়ার বিয়েতে ভারতীয় ক্রিকেট দলের কয়েকজন তারকা ক্রিকেটারেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
গত বছরের ডিসেম্বরে এক সাক্ষাৎকারে প্রিয়ার সঙ্গে নিজের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন রিংকু। তিনি জানিয়েছিলেন, সমাজবাদী পার্টির সমাজমাধ্যমে প্রিয়ার একটি ছবি দেখেই তার প্রতি আকৃষ্ট হন। তবে প্রিয়াকে সরাসরি বার্তা পাঠাবেন কি না, তা নিয়ে শুরুতে দ্বিধায় ছিলেন তিনি।
পরে প্রিয়া রিংকুর একটি ছবিতে ‘লাইক’ করায় দুজনের যোগাযোগের পথ খুলে যায়। ধীরে ধীরে সেই যোগাযোগ গড়ায় প্রেমের সম্পর্কে। চার বছরের সেই সম্পর্ক এবার বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে।
রিংকু বলেছিলেন, ‘করোনাকালীণ সময়ে আইপিএল হয়েছিল মুম্বাইয়ে। তখন গ্রামের একটি ভোটের সময় কোনও একটা ফ্যান পেজে প্রিয়ার ছবি দেখেছিলাম। তখনই বুঝেছিলাম ও একদম আমার জন্য ঠিকঠাক। কিন্তু নিজে থেকে বার্তা পাঠানোর ব্যাপারে নিশ্চিত ছিলাম না। কিন্তু ও আমার দুই-একটা ছবিতে লাইক করার পরেই ওকে বার্তা পাঠাই। এভাবেই প্রেম শুরু হয়েছিল। এরপর নিয়মিত কথা বলতাম। ম্যাচের আগেও কথা হতো। ২০২২ সাল থেকে ওর প্রতি ভালবাসা অনুভব করতে শুরু করি।’
প্রসঙ্গত, ২৩ নভেম্বর ১৯৯৮ সালে প্রিয়া সরোজের জন্ম। তিনি উত্তর প্রদেশের একজন ভারতীয় রাজনীতিবিদ এবং আইনজীবী। তিনি তফসিলি জাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত মছলিশহর লোকসভা আসনের সংসদ সদস্য। ২০২৪ সালে ভারতীয় সাধারণ নির্বাচনে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির প্রতিনিধিত্ব করে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে ১২ অক্টোবর ১৯৯৭ সালে উত্তর প্রদেশের আলীগড়ে জন্ম রিংকু সিংয়ের। তিনি ভারতীয় দলের বর্তমান সময়ের নিয়মিত মুখ। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে ভারতীয় দলে সুযোগ পান। ইতোমধ্যে ৪৮টি টি-টোয়েন্টি আর দুটি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ভারতের জয়ে অবদান রেখেছেন।
Tareq Jamil 





































