ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তায় সৃষ্ট উত্তেজনার মধ্যে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক যোগাযোগ করলেন দুই দেশের শীর্ষ কূটনৈতিক।
বৃহস্পতিবার সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে এই অঞ্চলের নিরাপত্তা–স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে যৌথভাব ইরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি এসব দেশের জ্বালানি অবকাঠামোগুলোতেও বেশ কয়েক দফা হামলা করেছে তেহরান।
গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি হয়। তবে চলামান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে ইরান হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার (৮ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাইপলাইনের পাশাপাশি সৌদি আরবের আরও বেশ কিছু স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এ হামলার ফলে পাইপলাইনটি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হতে পারে। বর্তমানে এর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা
আন্তর্জাতিক ডেস্ক 





































