সওদা সুমিকে একটি সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের জেরে গ্রেফতার করা সংবিধান স্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি বলে দাবি করেছেন মহিলা জামায়াতের নেত্রীরা। তারা বলেন, কোনো নাগরিকের মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়া গণতন্ত্রের জন্য হুমকি। এ ধরনের পদক্ষেপ সমাজে ভয়ের সংস্কৃতি তৈরি করে।
বুধবার (৮ এপ্রিল) সওদা সুমির গ্রেফতারের প্রতিবাদে এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন মহিলা জামায়াতের নেতৃবৃন্দরা।
বক্তারা আরও বলেন, সওদা সুমির বিরুদ্ধে দায়ের করা মামলাটি ‘মিথ্যা ও হয়রানিমূলক’। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘নারীর কণ্ঠরোধ করা চলবে না’, ‘মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত কর’, ‘মিথ্যা মামলা প্রত্যাহার কর’ এবং ‘ভয়ের রাজনীতি বন্ধ কর’ এমন নানা স্লোগান দেন।
কর্মসূচির সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
নারীদের কণ্ঠ দমনের যে কোনো প্রচেষ্টা তারা সম্মিলিতভাবে প্রতিহত করবেন। তারা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে দাবি আদায়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মানববন্ধনে মহিলা জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নারীরা অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
আজকের এ কর্মসূচিতে সংগঠনটির অনেক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এতে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়, যা পুরো কর্মসূচিতে এক ধরনের প্রতিবাদী আবহ সৃষ্টি করে।
চেতনায়২৪ ডেস্ক : 




































