বাংলাদেশ বিমানের প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগের পরিচালক মো. রাশেদুল করিমের বিরুদ্ধে চাঞ্চল্যকর ব্যক্তিগত ও প্রশাসনিক অভিযোগ উঠেছে। লোকবল দিয়ে স্ত্রীকে মারধর ও হুমকি দেয়ার অভিযোগে তাকে সম্প্রতি কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিমান কর্তৃপক্ষ। আগামী ৯৬ ঘণ্টার মধ্যে তাকে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৪ জানুয়ারি মোছা. মৌসুমী আক্তার লিমাকে বিয়ে করেন রাশেদুল করিম। অভিযোগ রয়েছে, ওই নারী আগে অন্য একটি বৈবাহিক সম্পর্কে ছিলেন এবং তাকে প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলা হয়। পরবর্তীতে গোপনে বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের বিষয়টি দীর্ঘদিন গোপন রাখা হয়। তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিলেও স্ত্রী ও সন্তানকে সামাজিক ও আইনি স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান রাশেদুল করিম। স্ত্রী মর্যাদা দাবি করলে তাকে মানসিক চাপ, ভয়ভীতি ও হুমকি দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, বিষয়টি প্রকাশ্যে এলে প্রভাব খাটিয়ে তাকে চুপ থাকতে বলা হয়। এমনকি শারীরিক নির্যাতন ও দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলে লিখিত অভিযোগে করা হয়েছে। গত ৩০ নভেম্বর ভুক্তভোগী নারী বিমান কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগটি প্রশাসন ও মানবসম্পদ বিভাগে পাঠানো হলে প্রাথমিকভাবে বিষয়টি তদন্তযোগ্য বলে মত দেয় সংশ্লিষ্ট বিভাগ।
অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালক রাশেদুল করিমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিমান কর্তৃপক্ষ। নোটিশে ৯৬ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ব্যক্তিগত অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগেও তদন্ত চলছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় বিষয়টি তদন্তের জন্য বিমান কর্তৃপক্ষকে চিঠি দেয়। রাশেদুলের বিরুদ্ধে দায়িত্বের অপব্যবহার, টিকিট সংক্রান্ত অনিয়ম এবং প্রশাসনিক প্রভাব খাটানোর মতো বিষয়গুলোও তদন্তাধীন রয়েছে।
বিমান কর্তৃপক্ষ বলছে, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা হবে। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চেতনায়২৪ ডেস্ক : 


































