শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচির ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই হামলাকে ‘ন্যক্কারজনক ও বর্বর’ আখ্যা দিয়ে দলটি বলেছে, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ন্যায্য বিচারের আন্দোলন দমন করার চেষ্টা জনগণ মেনে নেবে না।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে ক্ষোভ প্রকাশ করেছে এনসিপি।
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনকিলাব মঞ্চের নেতৃত্বে চলা শান্তিপূর্ণ এই কর্মসূচিতে পুলিশের হামলায় সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।
জাতীয় নাগরিক পার্টি মনে করে, এই হামলা কেবল শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের ওপর হস্তক্ষেপ নয়, বরং রাষ্ট্র নিজেই ন্যায়বিচারের বিপক্ষে অবস্থান নেওয়ার একটি ভয়ংকর সংকেত।
সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি অভিযোগ করে যে, প্রকাশ্য দিবালোকে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই মাস পার হলেও বিচার প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। একে অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার ব্যবস্থার ‘চরম ব্যর্থতা’ হিসেবে অভিহিত করেছে দলটি। তাদের দাবি, সরকার পরিকল্পিতভাবে জনগণের এই ন্যায্য দাবিকে উপেক্ষা করছে।
জাতীয় নাগরিক পার্টি তাদের বিবৃতিতে স্পষ্ট করে জানায় যে, শহীদ হাদির খুনের বিচারের দাবিতে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে এবং তা বল প্রয়োগ করে দমন করা সম্ভব নয়। অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে খুনিদের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয় এতে।
এছাড়া ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার নির্দেশদাতা ও জড়িতদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে বলেও দাবি করা হয় বিজ্ঞপ্তিতে। পাশাপাশি আহত নেতাকর্মীদের দ্রুত আরোগ্য কামনা করে তাদের পরিবারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এনসিপি।
চেতনায়২৪ ডেস্ক : 




































