বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর অষ্টম দিনেও তার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি) শোকাবহ পরিবেশে দোয়া, কোরআন তেলাওয়াত ও পুস্তক অর্পণের মাধ্যমে তারা প্রয়াত এই নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এদিন সমাধিস্থলে অনেককে অশ্রুসজল চোখে কবর জিয়ারত করতে দেখা যায়। সকাল থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের আগমনে এলাকা আবেগঘন হয়ে ওঠে।
শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী। তারা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দোয়া মোনাজাতে অংশ নেন।
দোয়া শেষে নেতারা বলেন, আগামীর বাংলাদেশ গঠনে বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া অপূর্ণ কাজগুলো বাস্তবায়ন করতে হবে। তাদের প্রত্যাশা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে।এদিনের কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বক্তারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা দেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।