দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় শহর জোহানেসবার্গে দিনেরবেলা প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছ জনপ্রিয় রেডিও ও ক্লাব ডিজে ওয়ারিক স্টককে। তিনি সবার কাছে পরিচিত ছিলেন ডিজে ওয়ারাস নামে। এই নৃশংস হত্যাকাণ্ডে দেশজুড়ে নেমে এসেছে শোক আর আতঙ্ক।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে কার্তুজসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সাধারণ মানুষের কাছে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। তারা ধারণা করছে, হামলাকারীরা ঘটনার পর দীর্ঘ পথ হেঁটে পালিয়েছে এবং তাদের গতিবিধি ট্র্যাক করার চেষ্টা চলছে। ডিজে ওয়ারাস ছিলেন দক্ষিণ আফ্রিকার পরিচিত রেডিও ও টিভি উপস্থাপক, পাশাপাশি একজন জনপ্রিয় পডকাস্টার। তিনি মজানসি ম্যাজিক চ্যানেলের রিয়েলিটি শো এনজিসেল’ আইভিসা’র উপস্থাপক হিসেবেও ব্যাপক পরিচিতি পান। মিডিয়ার বাইরে ব্যক্তিগত নিরাপত্তা, ভিআইপি প্রোটেকশন, বড় ইভেন্টের নিরাপত্তা ব্যবস্থাপনা ও সম্পত্তি ব্যবস্থাপনাসহ নানা ব্যবসায় জড়িত ছিলেন তিনি।
তার বোন নিকোল স্টক বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমরা ভেঙে পড়েছি। তিনি দেশের অনেক মানুষের কণ্ঠস্বর ছিলেন যেসব বিষয় নিয়ে অনেকে কথা বলতে সাহস পায় না, তিনি সেগুলো নিয়ে সরাসরি কথা বলতেন। তিনি সামাজিক মাধ্যমে ঘটনাস্থলের ভয়াবহ ছবি বা ভিডিও শেয়ার না করার অনুরোধও জানান, বিশেষ করে ডিজে ওয়ারাসের তিন সন্তানের কথা মাথায় রেখে।
এই হত্যাকাণ্ডে শোক জানিয়েছেন দেশটির ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী গেইটন ম্যাকেনজি। তিনি বলেন, ডিজে ওয়ারাস নির্ভীকভাবে সত্য বলতেন। এমনকি আমার বিরুদ্ধেও কথা বলেছেন এটাই তার সাহসের প্রমাণ। রাজনৈতিক দল ও বিনোদন জগতের অনেকেই তাকে শ্রদ্ধা জানিয়েছেন।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় সহিংস অপরাধ একটি বড় সমস্যা। পুলিশি তথ্যমতে, শুধু এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রতিদিন গড়ে ৬৩ জন মানুষ খুন হয়েছেন যা দেশটির নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে। ডিজে ওয়ারাসের আকস্মিক মৃত্যু শুধু বিনোদন জগত নয়, গোটা দেশকেই নাড়া দিয়েছে।
বিনোদন ডেস্ক 






































