সরকারের নীতি ও সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে ‘কনফিউশনে’ রয়েছেন বলে মন্তব্য করেছেন আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ। তিনি প্রশ্ন তুলেছেন, সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা কি মিডিয়া সংস্কার করতে না পারা, নাকি পুলিশ সংস্কারে সফল না হওয়া?
শনিবার (৬ ডিসেম্বর) যমুনা টেলিভিশনের একটি টকশো অনুষ্ঠানের আলোচনার প্রেক্ষিতে ফেসবুকে পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফাইয়াজ লেখেন, ‘বেশ অনেকদিন ধরে কনফিউশনে আছি, এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা মিডিয়া সংস্কার করতে না পারা নাকি পুলিশ সংস্কারে সফল না হওয়া নিয়ে। গতকাল যমুনা টেলিভিশনের কল্যাণে মিডিয়া কিছুটা এগিয়েছে। সম্ভবত জুলাইয়ের শেষদিকে নিজেদের টিআরপি বাড়াতে মিডিয়া কিছু ব্যক্তিকে কৃত্রিমভাবে তুলে ধরেছিল, তাদের মধ্যে একজন নিজেকে বিরাট মুজিবপ্রেমিকা হিসেবে প্রকাশ করেছে।’

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবার সম্পর্কে বিতর্কিত অভিযোগ তুলে ধরে লিখেন, ‘শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল এবং জনগণ তা গ্রহণ করেছিল। তবে, মুজিব থেকে শুরু করে পুরো শেখ পরিবার যে বিশ্বাসঘাতকতা করেছে, তা মীর জাফরের সঙ্গে তুলনীয়। মীর জাফর সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দেশ ইংরেজদের কাছে বিক্রি করেছিল, আর শেখ পরিবার বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে ভারতের হাতে দেশ হস্তান্তর করেছে।’
তিনি আরও প্রশ্ন তোলেন, ‘ইভেন হাসিনা পালানোর পরও গোপালগঞ্জে কিছু মিছিল মিটিং হয়েছে, কিন্তু মুজিব মারা যাওয়ার পরে কেন জানাজার মানুষ পাওয়া গেলো না, সেই প্রশ্ন নিজেকে করলেই তো অনেক উত্তর পাওয়া যায়। তাহলে শেখ মুজিবকে বিশ্বাসঘাতক বলায় কেন আপত্তি?’
ফাইয়াজ মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বক্তব্য দিয়ে বলেন, ‘আর আমাদের রাজনৈতিক দলগুলোর মনে রাখা উচিত, মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের কবর ৫ আগস্টেই হয়ে গেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলের জন্য যতই চেষ্টা করুন আবার সেই বয়ানকে তুলে আনতে, লাভ নেই।’
তিনি সতর্ক করে দিয়ে লেখেন, ‘মুক্তিযুদ্ধকে দুর্ঘটনা হিসেবে দেখানোর যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা মোকাবেলায় প্রকৃত ইতিহাস তুলে ধরা ছাড়া লাভ হবে না। উল্টো ভোট এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে। স্বাধীনতার ৫৪ বছর পরও সেই একই চেতনাভিত্তিক রাজনীতি দেখতে দেখতে জনগণ বিরক্ত। এই জাতির উন্নয়নের কোনো সম্ভাবনা নাই, যতদিন না ৪৭, ৭১, ২৪-এর সঠিক ইতিহাস লিপিবদ্ধ করে আমরা ভবিষ্যৎ জাতি ও দেশ গঠনের পলিসি কেন্দ্রীক আলোচনা শুরু করছি।’
পোস্টের শেষে তিনি প্রশ্ন লেখে লিখেছেন, ‘আচ্ছা, পৃথিবীর আর কোন কোন দেশে আমাদের মতো চেতনাভিত্তিক রাজনীতি হচ্ছে স্বাধীনতা লাভের এতদিন পরেও?’
উল্লেখ্য, আবরার ফাইয়াজের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত ও বিতর্কের জন্ম দিয়েছে।
চেতনায়২৪ ডেস্ক : 


































