উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার ঘনিষ্ঠ ব্যবসায়ীক পার্টনার জুলাই হত্যা মামলাসহ একাধিক হত্যা, প্রতারণা ও জমি–প্লট জালিয়াতি মামলার আসামি মাহমুদুল হক মনিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মাহমুদুল হক মনি শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম, মিরপুর ও ভাটারা থানায় ছয়টি মামলা রয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মনি বহুদিন ধরে পূর্বাচল ও উত্তরা এলাকায় প্লট জালিয়াতি, দখলবাণিজ্য ও চেক প্রতারণার মাধ্যমে অসংখ্য মানুষকে আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন বলে বিভিন্ন অভিযোগ এসেছে। এ ছাড়া সহিংস ঘটনার দিক থেকেও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, যারা প্রতারণা বা আর্থিক ক্ষতির শিকার হয়েছে তারা থানায় যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
চেতনায়২৪ ডেস্ক : 


































