ফেডারেল সরকারের শাটডাউনের কারণে স্থানীয় সময় শনিবারে যুক্তরাষ্ট্রে আসা-যাওয়ার জন্য নির্ধারিত ১৪০০-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এই অচলাবস্থার কারণে আগেই দেশটিতে বিমান চলাচল কমানোর ঘোষণা দেওয়া হয়েছিল।
এছাড়াও, প্রায় ছয় হাজার ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়েছে, যা ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়ারের দেওয়া আগের দিনের (শুক্রবার) সাত হাজার ফ্লাইট বিলম্বিত হওয়ার তথ্যের ধারাবাহিকতা।
এয়ার ট্রাফিক কন্ট্রোলার বা বিমান চলাচল নিয়ন্ত্রণকারীরা বেতন ছাড়াই অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তির কথা জানালে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) চলতি সপ্তাহের শুরুতেই দেশের ৪০টি ব্যস্ততম বিমানবন্দরে বিমান চলাচলের ক্ষমতা ১০ শতাংশ পর্যন্ত কমানোর কথা বলেছিল।
এই শাটডাউনটি গত পহেলা অক্টোবর থেকে শুরু হয়েছে এবং এটি শনিবার ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের ৩৯তম দিন পার করলো। সরকারের কার্যক্রম পুনরায় চালু করার জন্য তহবিল ছাড়ের বিষয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা কংগ্রেসে এখনো বিভক্ত এবং একমত হতে পারেনি। তবে, দ্রুত শাটডাউনের অবসান ঘটানোর লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনার জন্য সাপ্তাহিক ছুটির দিনেও সিনেটররা ওয়াশিংটনেই অবস্থান করছেন।
সূত্র- বিবিসি
আন্তর্জাতিক ডেস্ক 





































