রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল করেছে। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। অভিযানের পর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর ৭ টায় আসাদগেট এলাকায় মিছিলটি হয়।
গ্রেফতারকৃতরা হলো- ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোকাররম হোসাইন রুদ্র এবং শেরে বাংলা নগর থানার ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা সাইফুল ইসলাম পাপ্পু।
স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ করে ১০-১৫ জন লোক গলির ভেতর থেকে বের হয়ে জড়ো হয়। এরপর তারা একটি ব্যানার খুলে ঝটিকা মিছিল শুরু করে। এতো ভোরে সড়কে কোন মানুষ ছিল না। মিছিল করতে করতে তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সড়কে তেমন মানুষ না থাকায় কারো ক্ষতি হয়নি।
এসব নেতাকর্মীদের ছাড়াতে সন্ধ্যার পর গণঅধিকার পরিষদের স্থানীয় কয়েকজন নেতাকর্মী ও যুবদলের কয়েকজন নেতাকর্মী মোহাম্মদপুর থানায় গিয়েছিলেন বলে জানা গেছে। তারা সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত দেড়টা পর্যন্ত বিভিন্নভাবে চেষ্টা করেছেন। বিষয়টি জানাজানি হলে গণঅধিকার পরিষদ ও যুবদলের নেতাকর্মীরা থানা থেকে সটকে পড়েন।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, মঙ্গলবার সকালে আসাদ গেট এলাকায় আওয়ামী লীগ একটি ঝটিকা মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরবর্তীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ ও শেরে বাংলা নগর থানা ২৭ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কয়েকটি মামলা এবং স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, হত্যার চেষ্টা এবং মাদক মামলা রয়েছে।
চেতনায়২৪ ডেস্ক : 

































