আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজীজী সাংবাদিকদের বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হবে এমন আশ্বাস দিয়েছেন। এতে জাতীয়করণ আন্দোলন ঐক্য জোটের প্রতিনিধিদল সন্তুষ্টি প্রকাশ করেছে।
শিক্ষক নেতারা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বিএনপি মহাসচিব আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি বলেছেন, তাদের দল ক্ষমতায় গেলে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি— বেসরকারি প্রতিষ্ঠান জাতীয়করণ বাস্তবায়ন করা হবে।
দেলোয়ার হোসেন আজীজী জানান, মির্জা ফখরুল অর্থ উপদেষ্টার সঙ্গেও ফোনে কথা বলেন। শিক্ষকদের প্রস্তাব ও আর্থিক দিকগুলো নিয়ে সেখানেও বিস্তারিত আলোচনা হয়।
শিক্ষক প্রতিনিধিদল বৈঠকে প্রস্তাব করে, আপাতত যদি ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করা হয়, তাহলে অন্য দাবিগুলো পরবর্তী সময়ে বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে রাজনৈতিক ঐক্য গড়ে তুলে সরকারকে অনুরোধ জানাতেও তারা কাজ করছেন বলে জানান আজীজী।
তিনি বলেন, বিএনপি মহাসচিবের আন্তরিকতায় আমরা আশ্বস্ত হয়েছি। তিনি শুধু আশ্বাসই দেননি, বাস্তবায়নের দিকেও মনোযোগী হয়েছেন। এটা আমাদের আন্দোলনে নতুন প্রেরণা দিয়েছে।
চেতনায়২৪ ডেস্ক : 




































