জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশগ্রহণ শেষে ইতালির রোম থেকে এখন দেশের পথে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এর আগে গত রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান ড. ইউনূস। ফিউমিসিনো বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক।
দুই দিনের এই সফরে সোমবার (১৩ অক্টোবর) ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে ছয় দফা প্রস্তাবনা উপস্থাপন করেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়।
এছাড়া এ সফরে প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়রের সঙ্গে পৃথক বৈঠক করেন। সেসব বৈঠকে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা, কৃষি প্রযুক্তি বিনিময় ও সামাজিক ব্যবসা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় অবস্থান এবং বৈশ্বিক ইস্যুতে দেশটির অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
চেতনায়২৪ ডেস্ক : 


































