সচিবালয় অভিমুখে যাওয়া শিক্ষকদের আটকে বেরিকেড দিয়ে রেখেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সোয়া চারটায় তাদের হাইকোর্টের দক্ষিণ গেটের দুই সড়কে আটকে বেরিকেট দিয়ে রাখা হয়েছে।
এদিকে শিক্ষকরা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছেন। তাদের অধিকাংশের মাথায় ‘২০ শতাংশ বাড়ি ভাড়া’ লিখিত ফিতা বাঁধা। শতশত শিক্ষক এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন। তবে পুলিশ এখনো কোনো অ্যাকশনে যায়নি।
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) ঘড়ির কাটায় ৪টা বাজতেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা।
এদিন দুপুরের দিকে তারা জানান, এনসিপি নেতাসহ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফায় আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেছে, একটু অপেক্ষা করতে। বিকেল ৪টার মধ্যে সরকারের পক্ষ থেকে আমাদের দাবি দাওয়া মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। আমরা সেই অপেক্ষা করছি।
তবে বিকেল চারটার মধ্যে কোনো ঘোষণা না আসায় সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন শিক্ষকরা।

এর আগে বেলা সাড়ে ১১টা দিকে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম শহীদ মিনারে এসে শিক্ষকদের সঙ্গে কথা বলে আজকের মধ্যে তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির আশ্বাসের জন্য সর্বোচ্চ কাজ করছেন বলে জানান।
এরপর দুপুর ১২টায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আন্দোলনের নেতা অধ্যক্ষ আজিজীকে ফোন করে ‘মার্চ টু সচিবালয়’ না করতে অনুরোধ জানান।
এছাড়া সোমবার (১৩ অক্টোবর) জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলামসহ ইসলামী তিন দল ও ইনকিলাব মঞ্চ এসে শিক্ষকদের সঙ্গে একমত পোষন করে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
তবে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর গড়িয়ে গেলেও কোন সিদ্ধান্ত না আসায় আন্দোলনরত শিক্ষকরা ক্ষোভ জানান। বলেন, বিকেল ৪টার মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে ৪টার পর ‘মার্চ টু সচিবালয়’সহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সে সময় অধ্যক্ষ আজিজী বলেন, আমাদের সঙ্গে দফায় দফায় সচিবালয়ে মিটিং হচ্ছে। কিন্তু আমাদের এখন পর্যন্ত ফাইনাল কোনো ফলাফল জানায়নি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করে শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করব।
চেতনায়২৪ ডেস্ক : 


































