জুলাই সনদের আইনীভিত্তি নিশ্চিত ও ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১০ অক্টোবর ঢাকায় গণমিছিল করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সাপ্তাহিক মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) দলটির কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেন, ‘জুলাইয়ের প্রত্যাশা পূরণে রাষ্ট্র সংস্কারের কাজ আশানুরূপ হয়নি। গৃহীত প্রস্তাবগুলোর আইনীভিত্তি নিশ্চিত করা যায়নি। আবার অনেক মৌলিক সংস্কারকে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বাতিলযোগ্য করে রাখা হয়েছে। এমন বাস্তবতায় পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিই জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণের একমাত্র উপায়।’
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতিতে নির্বাচন আদায়ের জন্য শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবে, ইনশাআল্লাহ।
অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেন, আবরার ফাহাদের মতো মেধাবী ছাত্রের জীবন কেড়ে নিয়েছে অশুভ রাজনীতি। এমন রাজনীতি যাতে আর কখনও ফিরে না আসে, সেটিই এখন জাতির অঙ্গীকার হতে হবে।
সভায় আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, আন্তর্জাতিক সম্পাদক প্রফেসর ড. বেলাল নূর আজীজি, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মোস্তফা কামাল, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, সহ-প্রচার সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ এবং সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক নাছির উদ্দিন খাঁন।
চেতনায়২৪ ডেস্ক : 




































