দীর্ঘ ১৩ বছর পর আবারও বাস চলাচল শুরু করেছে রাজবাড়ীর বালিয়াকান্দি-জামালপুর-মধুখালী সড়কে। রাজবাড়ী বাস মালিক সমিতির উদ্যেগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজবাড়ী থেকে মধুখালীর উদ্দেশে প্রথম বাসটি ছেড়ে আসে। গত দুই দিনের সেবায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
পুনরায় এই রুটে বাস সেবা চালু করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা। নিরাপদ যাত্রা এবং ভাড়া সাশ্রয়ীর কারণে যাত্রীরা এখন বাসে যেতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
জানা যায়, ২০১২ সালে সড়কের বেহালদশা ও যাত্রী সংকটের কারণ দেখিয়ে এই রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা করেন রাজবাড়ী বাস মালিক সমিতি। বাস বন্ধের পর থেকে এই রুট দখলে চলে যায় মাহেন্দ্রা ও ব্যাটারিচালিত ইজিবাইকের।
বালিয়াকান্দি বাসস্ট্যান্ড হতে জামালপুর হয়ে মধুখালীর দুরত্ব ২০ কিলোমিটার। অন্যদিকে বালিয়াকান্দি চৌরাস্তা থেকে মেগচামী হয়ে মধুখালীর দুরত্ব ১৪ কিলোমিটার।
মাহেন্দ্রা অথবা ইজিবাইকে বালিয়াকান্দি হতে মধুখালী যেতে যাত্রীদের জনপ্রতি ভাড়া গুণতে হয় ৫০ টাকা। কিন্তু বাস মালিক সমিতি নির্ধারণ করেছেন ৩০ টাকা। বালিয়াকান্দি হতে জামালপুর যেতে মাহেন্দ্রা ও ইজিবাইকে ভাড়া গুণতে হয় ২৫ টাকা। বাস নির্ধারণ করেছে ১৫ টাকা।
বাস চালু হওয়ায় ভাড়া কমিয়েছে মাহেন্দ্র-ইজিবাইক চালক ও মালিকরা। বালিয়াকান্দি থেকে জামালপুর তারা আগে ভাড়া নিত ২৫ টাকা। এখন তারা নিচ্ছেন ২০ টাকা। বালিয়াকান্দি থেকে মধুখালীর ভাড়া নিতেন ৫০ টাকা। এখন তারা নিচ্ছেন ৪০ টাকা। এই ভাড়া আরও কমতে পাওে বলে জানিয়েছেন চালকরা।
বালিয়াকান্দি বাসস্ট্যান্ডের স্টাটার (কেরানি) শশি সোম জানান, রাজবাড়ী থেকে মধুখালীর ৪০ কিলোমিটারের এই সড়কের যাত্রা পথে বাসগুলো বাণীবহ, বহরপুর, বালিয়াকান্দি, জামালপুর স্ট্যান্ডে যাত্রা বিরতি দিবে। রাজবাড়ী থেকে মধুখালী পর্যন্ত যাত্রী ভাড়া জনপ্রতি ৬০ টাকা ধার্য্য করা হয়েছে। রাজবাড়ী থেকে বানীবহ ১০ টাকা, বহরপুর ২০ টাকা, বালিয়াকান্দি ৩০ টাকা, বালিয়াকান্দি থেকে বহরপুর ১০ টাকা, জামালপুর ১৫ টাকা, মধুখালী ৩০ টাকা এবং মধুখালী থেকে জামালপুর ১৫ টাকা ভাড়া নিধারণ করা হয়েছে।
বাস যাত্রী জাকির হোসেন জানান, দীর্ঘদিন পর হলেও এই রুটে বাস চালু হওয়ায় তারা ভীষণ আনন্দিত। বাস চালু হওয়ায় তারা অল্প ভাড়ায় গন্তব্যে পৌঁছায়তে পারছেন। তিনি আরও বলেন, বাস না চলায় এই রুটের যাত্রীরা অন্যান্য যানবাহনের চালকদের কাছে জিম্মি হয়ে পড়েছিল। ইচ্ছা মতো তারা ভাড়া আদায় করতে। এই রুটে বাস চালু হওয়ায় তারা এখন ভাড়া কমিয়েছে। তার মানে এরা সুযোগ বুঝে যাত্রীদের পকেট কেটেছে।
রোজী আক্তার নামে এক যাত্রী জানান, বালিয়াকান্দি থেকে মধুখালী ১৪ কিলোমিটার পথ যেতে ৫০ টাকা ভাড়া দিতে হতো। এখন বাসে ভাড়া দেন মাত্র ৩০ টাকা। অন্যদিকে বালিয়াকান্দি থেকে জামালপুর যেতে তারা ভাড়া দিত ২৫ টাকা। এখন বাসে দেন মাত্র ১৫ টাকা। বাসে ভাড়া যেমন কম তেমনি যাত্রাও অনেক নিরাপদ। তিনি চান এই রুটে যেন নিয়মিত বাস চলাচল করে।
রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার ভূঁইয়া জানান, বাস চলাচলের প্রথম দিন যাত্রীদের খুব সাড়া পেয়েছেন। এভাবে যাত্রী থাকলে তারা নিয়মিত এই রুটে বাস সেবা চালু রাখবেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ২০ মিনিট পরপর বাসগুলো নিদিষ্ট স্ট্যান্ড থেকে ছেড়ে যাবে।
চেতনায়২৪ ডেস্ক : 


































