গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হওয়া ফায়ার সার্ভিসের তিন সদস্যের অবস্থা এখনও আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডে আহত ফায়ার সার্ভিসের তিন সদস্যের চিকিৎসায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। সরকারের পক্ষ থেকে তাদের পরিবারের পাশে থাকা হবে। এই ঘটনায় দগ্ধদের সুস্থতা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অগ্নিকাণ্ডে আহতদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ তিন ফায়ার সার্ভিস কর্মীর শরীরের ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে এবং তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
স্থানীয় এলাকাবাসী জানান, আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিস কর্মীরা সাহসিকতার সঙ্গে কাজ করছিলেন। হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে তারা দগ্ধ হন। এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চেতনায়২৪ ডেস্ক : 


































