ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচিতরা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রকৃতপক্ষে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত আমির এসব বলেন। শফিকুর রহমান বলেন, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দেয়। প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়।
বিজয়ীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে শফিকুর রহমান বলেন, তারা তাদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করি।”তিনি বলেন, এই নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য অন্তর্বর্তী সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পাশাপাশি দায়িত্ব পালনরত অবস্থায় চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফিরাত কামনা করেন জামায়াত আমির।
চেতনায়২৪ ডেস্ক : 



































