আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ ঘিরে আবারও বাড়ছে আলোচনা। ছয় বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ‘ক্যাপ্টেন কুল’ এখনো চেন্নাই সুপার কিংসের প্রাণভোমরা।
৪৪ বছর বয়সেও তাঁর নেতৃত্বে সিএসকে গত এক দশকে পেয়েছে পাঁচটি আইপিএল ট্রফি। এবারও কি তাকে দেখা যাবে সেই প্রিয় হলুদ জার্সিতে?
এক অনুষ্ঠানে ধোনির মন্তব্যে মিলেছে আশার আলো, আবার তৈরি হয়েছে জল্পনাও। ধোনি বলেন, ‘আমি এবং সিএসকে, আমরা একসঙ্গে আছি। এমনকী পরের ১৫-২০ বছরও। তবে ওরা নিশ্চয় ভাবছে না আমি ২০ বছর খেলব! আমি খেলব কি না, সেটা কয়েকদিনের মধ্যেই সবাই জানতে পারবেন।’
ধোনির কথায় একদিকে যেমন ভবিষ্যতের ইঙ্গিত রয়েছে, তেমনই রয়েছে তার চিরচেনা রহস্যের ছোঁয়া। তিনি নিশ্চিত করেছেন, সিএসকের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘমেয়াদি, তবে মাঠে তাকে দেখা যাবে কিনা-সে সিদ্ধান্ত এখনো প্রকাশ করেননি। বলেন, ‘আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলা সবসময় অসাধারণ। মাঠে নামলেই ফ্যানরা অপেক্ষা করে। তারা চায় আমি রান করি, ভালো খেলি। এমনকী প্রতিপক্ষ দলের সমর্থকরাও আমার পাশে থাকে।’
বিশ্লেষকরা মনে করছেন, ধোনির ভবিষ্যৎ নিয়ে কিছুটা ধারণা সিএসকের ভেতরেও তৈরি হয়ে গেছে। সম্ভবত সেজন্যই সঞ্জু স্যামসনের মতো উইকেটকিপার-ব্যাটারকে দলে নেওয়ার কোনও আগ্রহ দেখায়নি সিএসকে ম্যানেজমেন্ট। সব মিলিয়ে ইঙ্গিত মিলছে- ধোনিকে হয়তো আরও একবার দেখা যাবে আইপিএলে।
ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০২০ সালে। এখন আইপিএলে তিনি আনক্যাপড প্লেয়ার হিসেবে খেলেন। তবু তার নামের পাশে থাকা সম্মান ও জনপ্রিয়তা বদলায়নি। বরং প্রতি মৌসুমেই নতুন করে জেগে ওঠে প্রশ্ন-এটাই কি ধোনির শেষ আইপিএল?
ধোনি অবশ্য বলছেন, ‘আইপিএল আমার কাছে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর এটাকেই আমি গুরুত্ব দিই। খেলার প্রতি ভালোবাসা এখনও আছে। তবে সিদ্ধান্ত নেব সময়মতো।’
এখন পরিবারকে সময় দিচ্ছেন ধোনি। আইপিএলের মিনি নিলাম কিংবা প্রস্তুতির সময় সামনে এলেই হয়তো মিলবে চূড়ান্ত উত্তর!
চেতনায়২৪ ডেস্ক : 






































