হুসেইন মুহম্মদ এরশাদের স্মৃতিবাহী রজনীগন্ধায় আর থাকছেনা জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়। বনানী ১৭/এ রোডের ৭৫/ই ভবনটিকে ঘিরেই ৩০ বছর ধরে আবর্তিত হয়েছে পাটির কার্যক্রম।
প্রেসিডিয়ামের সভাসহ দলটির গুরুত্বপূর্ণ সব কর্মকান্ড পরিচালিত হয়েছে তিনতলা এই ভবটিতেই।
জাতীয় পার্টি এতোদিন ভাড়াটিয়া হিসেবে ভবনটি ব্যবহার করে এসেছে। ত্রিশ বছর আগে মাত্র ৫০ হাজার টাকা ভাড়ায় যাত্রা শুরু করলেও শেষ দিকে মাসে সাড়ে ৫ লাখ টাকা করে ভাড়া দেওয়ার কথা নিশ্চিত করেছেন দলটির দপ্তর সম্পাদক মাহমুদ আলম।
তিনি বার্তা২৪.কমকে বলেছেন, আমরা এখানে ভাড়ায় ছিলাম। পুরনো ওই ভবনটি ভেঙ্গে নতুন করে ডেভেলপ করতে চায় মালিক। সে কারণে আমরা ভবনটি ছেড়ে দিয়েছি। এখন আপাতত কাকরাইল পাইওনিয়ার রোডে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয় থেকে পরিচালিত হবে।
এক প্রশ্নের জবাবে বলেন, ডেভেলপ করার পর জাতীয় পার্টি আবার ফিরবে কি-না, সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। যদি উভয়পক্ষ সম্মত হয় তাহলে আবার আসতে পারি। আপাতত আমরা নতুন ঠিকানা খোঁজ করতেছি। আমরা এমন একটি বাড়ি খুঁজছি যে ভবনটি পুরোপুরি অফিস হিসেবে ব্যবহার করতে পারবো।
তিনতলা অফিসটিতে দুই দিক দিয়ে প্রবেশ করা যায়। মূল ফটক দিয়ে প্রবেশ করে ড্রয়ই রুম দিয়ে এগিয়ে গেলে ডান দিকের কোনায় মহাসচিব কক্ষ। সেই কক্ষের সামনে দিয়ে উপরে উঠে গেছে সিঁড়ি। সিঁড়ি দিয়ে উপরে গেলেই প্রথমে পড়বে পার্টির চেয়ারম্যানের কক্ষ।
এই তলায় আরও রয়েছে অতিথি কক্ষ, একটি মিনি হল রুমসহ মোট ৫টি কক্ষ। তৃতীয়তলায় কনফারেন্স রুম ও পাশেই প্রেস উইংয়ের জন্য নির্ধারিত অফিস। আবার মূল ভবনের বাইরের করিডোর দিয়েও সিঁড়ির রুমে যাওয়া যায়। জুলাই অভ্যুত্থানের পর একাধিক দফায় আক্রান্ত হয় ভবনটি।
পার্টির কার্যক্রম মূলত পরিচালিত হয় বনানী চেয়ারম্যানের কার্যালয় থেকে। ৬৬ পাইওনিয়ার রোডে কেন্দ্রীয় কার্যালয় থাকলেও সেখানে তেমন কার্যক্রম দেখা যায় না। হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির চেয়ারম্যান থাকার সময় হঠাৎ হঠাৎ যেতেন কেন্দ্রীয় কার্যালয়ে।
যে কারণে অনেকটা জমজমাট ভাব ছিল। আবার চেয়ারম্যান যেতেন বলে পার্টির তৎকালীন মহাসচিবও মাঝে মধ্যে অফিস করতেন। কয়েকজন সিনিয়র নেতা তখন নিয়মিত পার্টি অফিসে আসতেন, আড্ডা দিতেন। এখন তারাও আর নিয়মিত বসেন না। নতুন সিদ্ধান্তে কেন্দ্রীয় কার্যালয় আবার সরগরম হয়ে উঠবে বলে মনে করছেন নেতাকর্মীরা।
চেতনায়২৪ ডেস্ক : 




































