এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
তিনি বলেন, ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে অনুষ্ঠিত হবে। তবে কোন তারিখে এই দুই পরীক্ষা নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
শিক্ষা উপদেষ্টা জানান, পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
রুটিন অনুযায়ী ২২ জুলাই রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা)/ইতিহাস দ্বিতীয় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র/উত্পাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।
এছাড়া ২৪ জুলাই অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এর আগে, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ২২ জুলাই ও ২৪ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা।
চেতনায়২৪ ডেস্ক : 


































