ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসকে সরকারকে বসিয়েছে রাজনৈতিক দলগুলো। আমরা ভেবেছিলাম এদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে নির্বাচনের কথা বললেই নানান ধরনের বাহানা করছে আজ না কাল। কেন নির্বাচন দিতে চায় না। কারণ এদেশের জনগণ বিএনপিকে ভোট দেবে। জনগণ বিএনপিকে কেন ভোট দেবে? কারণ বিএনপি সব সময় এদেশের জনগণের সঙ্গে আছে।
শনিবার বিকালে রাজধানীর গুলশান শাহজাদপুরে বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গরিব ও অসহায়দের মধ্যে যুবদল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
যুবদল নেতা জুয়েল শহীদ জিয়ার বিভিন্ন কীর্তি তুলে ধরে বলেন, শহীদ জিয়া প্রকৃত অর্থে গত ৫৪ বছরে বাংলাদেশের একমাত্র স্টেটসম্যান। স্বাধীনতা উত্তর শ্বাপদসঙ্কূল রাজনৈতিক, সামরিক পথপরিক্রমা, দেশি বিদেশি ষড়যন্ত্রে দিশাহীন জাতিকে দেখিয়েছিলেন আলোর পথ। মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে এগিয়ে নিয়েছেন কৃষি, শিল্প, মানবসম্পদ উন্নয়ন খাতে স্বনির্ভরতার দিকে। দেশে প্রতিষ্ঠিত করেছেন বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশী জাতীয়তাবাদ।
তিনি বলেন, দেশের এক ক্রান্তিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। যখন আধিপত্যবাদী শক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব খর্ব করতে তৎপর ছিল। যখন দেশের তৎকালীন ক্ষমতাসীন গোষ্ঠী স্বাধীনতাত্তোর তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য গণতন্ত্রকে হত্যা করে একদলীয় কর্তৃত্বমূলক শাসন জারি করে মানুষের বাক ও মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার কেড়ে নেয়। যখন হত্যা ও খুনের রাজনীতি জাতীয় জীবনের অনুষঙ্গ হয়ে দাঁড়ায়। মানুষের জীবন ও নিরাপত্তা যখন চরমভাবে বিপন্ন ঠিক সেই অরাজক সময়ে বিএনপির জন্ম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুবদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক তসলিমা আহসান মাসুম, মহানগর সদস্য সেলিম রেজা, মোহাম্মদ আরিফ হোসেন, রামপুরা থানা যুবদলের আহ্বায়ক কামাল আহমেদ দুলু, গুলশান থানা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, আনিসুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
চেতনায়২৪ ডেস্ক : 




































