দক্ষিণ লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় পৃথক দুটি ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরাইলের দাবি, নিহতরা হিজবুল্লাহর সদস্য ছিলেন।
একটি হামলা চালানো হয় সীমান্তবর্তী গ্রাম আইতা আশ-শা’ব ও রমেইশের মধ্যবর্তী সড়কে চলমান একটি যানবাহনের ওপর। দিনের শুরুতে অপর একটি হামলা হয় উপকূলীয় শহর সাইদনের দক্ষিণাঞ্চলে চলা একটি গাড়ির ওপর।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সাইদন-ঘাজিয়ে সড়কে ইসরাইলি শত্রুর হামলায় একজন নিহত হয়েছেন।
এটি ছিল দক্ষিণ লেবাননে ইসরাইলের টানা চতুর্থ দিনের হামলা।
গত নভেম্বরে এক বছরব্যাপী সংঘাত থামাতে অস্ত্রবিরতি কার্যকর হলেও ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইল প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, সাইদন এলাকায় একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে হিজবুল্লাহ যোদ্ধা মুহাম্মাদ জাফার মান্নাহ আসআদ আবদাল্লাহকে হত্যা করা হয়েছে।
তাদের দাবি, আবদুল্লাহ লেবাননজুড়ে হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা স্থাপনের দায়িত্বে ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনী জানায়, আইতা আল-শা’ব এলাকায় আরেক হিজবুল্লাহ সন্ত্রাসীকে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে।
হিজবুল্লাহ এখনো এসব হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেনি।
এএফপির এক সাংবাদিক জানান, সাইদনের হামলায় একটি ফোর-হুইল-ড্রাইভ যানবাহন লক্ষ্যবস্তুতে পরিণত হয়, যার ফলে আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছিলেন। দগ্ধ হয়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ দেখতে আগত জনতা তখনো সেখানে ভিড় করেছিল, আগুন নিভিয়ে ফেলেছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ইসরাইলি সেনাবাহিনী আরও দাবি করেছে, সপ্তাহজুড়ে চালানো অন্যান্য হামলাতেও হিজবুল্লাহর সদস্যদের হত্যা করা হয়েছে।
চেতনায়২৪ ডেস্ক : 





































