ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় আবাসিক ভবনে ইসরায়েলের ব্লক বোমা হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন ৫৫ এবং কমপক্ষে ৮০ জন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার গাজা শহরের শেজাইয়া পাড়ায় আবাসিক ভবনে ইসরায়েলের বিমান বোমাবর্ষণ করে। বোমা হামলায় নিহতের মধ্যে নারী ও শিশু রয়েছে।
যারা নিখোঁজ রয়েছেন, তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। ভারী উদ্ধারযন্ত্র না থাকায় অনেকটা অসহায় উদ্ধারকারীরা। ধারণা করা হচ্ছে, আটকে পড়াদের অনেকে নিহত হয়েছেন। বাকিদের দ্রুত উদ্ধার সম্ভব না হলে মৃতের সংখ্যা আরও বাড়বে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলের দাবি, হামাসের হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত ও ২৫০ জন জিম্মি হয়েছিল। জিম্মিদের উদ্ধার এবং হামাস নির্মূলে হামলা আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।
এদিকে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে পানিশূন্যতা। কারণ, ফিলিস্তিনের গাজার ৭০ শতাংশ পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। আলজাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলেরসেনাবাহিনী গাজা উপত্যকায় পানিপ্রবাহ বন্ধ করে দিচ্ছে। যার ফলে ফিলিস্তিনি উপত্যকায় মোট পানি সরবরাহের ৭০ শতাংশ কার্যকরভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আন্তর্জাতিক ডেস্ক 





































