ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানে মহানবি হজরত মোহাম্মদকে (সা.) অবমাননা করার প্রতিবাদে ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর ঐতিহাসিক চকবাজার শাহী জামে মসজিদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজারও মুসল্লির উপস্থিতিতে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইমাম সমাজ বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিন।

বক্তব্যে তিনি বলেন, যেসব কুলাঙ্গাররা ইসলামের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং গালমন্দ বন্ধ না করে তাহলে মুসলমানরা হাত খুলতে বাধ্য হবে। ইতিহাস সাক্ষী রয়েছে, মুসলমানদের ইমানী শক্তির সামনে কোন কুফরি শক্তি দাঁড়াতে পারে নাই।
অতীতে যারা নবীজিকে নিয়ে কটুক্তি করেছে তারা ধ্বংস হয়ে গিয়েছে। ভারত যদি এ কুলাঙ্গারদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনে তাহলে ভারতও ধ্বংস হয়ে যাবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, নবীর শানে আঘাত লাগলে বসে থাকার সুযোগ নাই। যদি ভারতে তাদের বিচার করা না হয় তবে সবাইকে নিয়ে ভারতের দিকে লং মার্চ করতে বাধ্য হব। বাংলাদেশী মুসলমানরা কোন সরকার বা কোন শক্তির কাছে মাথা নত করে নাই। বাঙালি মুসলমানরা ইমানী শক্তি নিয়ে বেঁচে আছে।
সমাবেশ শেষে চকবাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চকবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ইমাম সমাজ বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি তাসলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুফতি হেদায়েত উল্লাহ গাজী, মুফতি শামসুল হক ওসমানী, মুফতি রহমত উল্লাহ আরবী, মুফতি মাহমুদুল হাসান মাহফুজ, মুফতি সোলাইমান সাদী প্রমুখ।
নিজস্ব প্রতিনিধি (ঢাকা) 

































